অটোচালকের সততায় মিটল ভুল বোঝাবুঝি, মিথ্যা চুরির অভিযোগ থেকে রক্ষা হাফলঙের হোমস্টের
হাফলং (অসম), ১০ জুন (হি.স.) : হাফলঙের এক অটোচালকের সততা ও মানবিকতার পরিচয় আজ সকলের প্রশংসা কুড়িয়েছে। হারিয়ে যাওয়া একটি সোনার চেইন প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে তিনি শুধু একজন পর্যটকের মূল্যবান সামগ্রী উদ্ধারই করেননি, একটি হোমস্টের বিরুদ্ধে উত্থাপ
অটোচালক প্রণব দে


হাফলং (অসম), ১০ জুন (হি.স.) : হাফলঙের এক অটোচালকের সততা ও মানবিকতার পরিচয় আজ সকলের প্রশংসা কুড়িয়েছে। হারিয়ে যাওয়া একটি সোনার চেইন প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে তিনি শুধু একজন পর্যটকের মূল্যবান সামগ্রী উদ্ধারই করেননি, একটি হোমস্টের বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা চুরির অভিযোগও দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জানা গেছে, স্থানীয় অটোচালক জনৈক প্রণব দে কয়েকজন পর্যটককে হাফলঙের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে হোমস্টেতে পৌঁছে দেওয়ার কিছুক্ষণ পর তাঁর অটোয় একটি সোনার চেইন দেখেন। এদিকে চেইনটি খুঁজে না পেয়ে পর্যটকরা ধারণা করেন, সেটি হোমস্টে থেকেই হারিয়েছে এবং হোমস্টের কর্মীদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেন।

এই অভিযোগকে কেন্দ্র করে হোমস্টের মালিক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অস্বস্তির সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, পর্যটকরা থানায় অভিযোগ দায়ের করারও পরিকল্পনা করেছিলেন।

ঠিক সে সময় প্রণব দে হোমস্টেতে এসে জানান, তিনি তাঁর অটোর ভেতরে একটি সোনার চেইন পেয়েছেন। পরে তিনি সেটি পর্যটকদের হাতে তুলে দেন। এতে স্পষ্ট হয়ে যায়, চেইনটি হোমস্টে থেকে নয়, যাত্রাপথেই অসাবধানতাবশত অটোয় পড়ে গিয়েছিল। চেইন ফিরে পেয়ে পর্যটকরা স্বস্তি প্রকাশ করে হোমস্টে কর্তৃপক্ষ এবং প্রণব দের সততার প্রশংসা করেন।

স্থানীয় বাসিন্দা ও পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও প্রণব দে-র এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, এমন সততা ও দায়িত্ববোধই হাফলঙের আতিথেয়তা ও সামাজিক মূল্যবোধের প্রকৃত পরিচয় বহন করে।

প্রণব দে-র এই প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ হোমস্টে কর্তৃপক্ষ তাঁকে নগদ পুরস্কার ও একটি শংসাপত্র প্রদান করেছেন।

স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের বক্তব্য, এ ধরনের ঘটনা পর্যটকদের মধ্যে হাফলঙের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করে এবং জেলার মানুষের সততা ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বহু মানুষ প্রণব দে-র সততা, দায়িত্বশীলতা এবং হোমস্টে ও হাফলঙের সুনাম রক্ষায় তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande