
পূর্ব সিংভূম, ১০ জুন (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এমজিএম থানার তুরিয়াবেড়া এলাকার ধর্মবাঁধায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত বাপি মণ্ডল ঝাড়খন্ডে ডিমনা রোড এলাকায় একটি হোটেল পরিচালনা করেন।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম গীতা মণ্ডল (৪০)। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় বাড়িতে থাকা শিলনোড়া দিয়ে গীতার মাথায় আঘাত করেন বাপি মণ্ডল। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এমজিএম থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গীতা মণ্ডলকে উদ্ধার করে এমজিএম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছেন, বারিডিহ এলাকার এক যুবকের সঙ্গে গীতার ফোনালাপ নিয়ে বাপি মণ্ডলের আপত্তি ছিল। এই বিষয়কে কেন্দ্র করে অতীতেও একাধিকবার বিবাদ হয়েছে। এমনকি বিষয়টি থানায় পৌঁছলে উভয় পক্ষের মধ্যে সমঝোতাও করানো হয়েছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বাপি মণ্ডল ও গীতা মণ্ডল উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। বাপির প্রথম পক্ষের দুই সন্তান রয়েছে। অন্যদিকে গীতা তাঁর প্রাক্তন স্বামীর থেকে আলাদা থাকতেন। মঙ্গলবার রাতে পুরনো বিবাদ ফের সামনে আসায় দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। অভিযোগ, সেই বচসার জেরেই স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা চালান বাপি মণ্ডল।ঘটনার পর অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস