ঝাড়গ্রামকে ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ ঘোষণার দাবি জঙ্গলমহল স্বরাজ মোর্চার
ঝাড়গ্রাম, ১০ জুন (হি.স.) : জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে ঝাড়গ্রামকে নীতি আয়োগের ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানাল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। বুধবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো এই দাবি
ঝাড়গ্রামকে ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ ঘোষণার দাবি জঙ্গলমহল স্বরাজ মোর্চার


ঝাড়গ্রাম, ১০ জুন (হি.স.) : জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে ঝাড়গ্রামকে নীতি আয়োগের ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানাল জঙ্গলমহল স্বরাজ মোর্চা। বুধবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো এই দাবি তুলে ধরেন।

তিনি বলেন, ঝাড়গ্রামের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে বিশেষ উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন রয়েছে। সম্প্রতি কোলাঘাটে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামকে একসময় পিছিয়ে থাকা জেলা হিসেবে উল্লেখ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে অশোক মাহাতো দাবি করেন, জেলার উন্নয়নের জন্য এখনও বিশেষ নজরদারি ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

তাঁর বক্তব্য, দীর্ঘদিন মাওবাদী কার্যকলাপের প্রভাবে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা উন্নয়নের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হলেও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এবং পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এখনও অনেক কাজ বাকি রয়েছে।

অশোক মাহাতো জানান, ২০২৪ সালে তিনি নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জঙ্গলমহলের চারটি জেলাকে ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ প্রকল্পে অন্তর্ভুক্ত করার আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ, সে সময় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো না হওয়ায় পশ্চিমবঙ্গের কোনও জেলা ওই তালিকায় স্থান পায়নি।

মোর্চার দাবি, বর্তমানে দেশের ১১২টি ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’-এ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, দক্ষতা উন্নয়ন এবং মৌলিক পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ সূচকে বিশেষ নজরদারি ও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঝাড়গ্রামকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হলে জেলার সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত হবে।

সংগঠনের আরও দাবি, কেন্দ্রীয় নথিতে ঝাড়গ্রাম এখনও এলডব্লিউই (বামপন্থী উগ্রপন্থা) প্রভাবিত জেলা হিসেবে চিহ্নিত। তাই জেলার বিশেষ চাহিদা ও ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোর প্রসারের লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন দাবি তুলে আসছে। ঝাড়গ্রামকে ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’-এর অন্তর্ভুক্ত করার দাবিও সেই প্রচেষ্টারই অংশ। সংগঠনের আশা, রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande