শ্রীভূমিতে শিশুশ্রমের বিরুদ্ধে সংগঠিত লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান
শ্রীভূমি (অসম), ১০ জুন (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায়ও শিশুশ্রমের বিরুদ্ধে সংগঠিত লড়াইয়ে শামিল হতে জেলা শ্রম আধিকারিক জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলার শ্রম বিভাগ থেকে প্রচারিত এক আবেদন জানানো হয়েছে, ১২ জুন বিশ্বজু
শ্রীভূমিতে শিশুশ্রমের বিরুদ্ধে সংগঠিত লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান


শ্রীভূমি (অসম), ১০ জুন (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায়ও শিশুশ্রমের বিরুদ্ধে সংগঠিত লড়াইয়ে শামিল হতে জেলা শ্রম আধিকারিক জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

জেলার শ্রম বিভাগ থেকে প্রচারিত এক আবেদন জানানো হয়েছে, ১২ জুন বিশ্বজুড়ে যখন শিশুশ্রম বিরোধী দিবস পালিত হতে যাচ্ছে, তখন বিশ্ব সম্প্রদায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ্বানে শামিল হয়েছে। ‘শিশু শ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্য পাওনা, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কাজ’ শীর্ষক স্লোগান আমাদের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে জরুরিভাবে পুনর্বিবেচনা করার দাবি জানায় এবং এটি আমাদের মনে করিয়ে দেয় কীভাবে সস্তা ও অবৈধ শ্রমের জন্য লক্ষ লক্ষ শিশুর শৈশবকে আজ বলি দেওয়া হচ্ছে।

এই সংকট একটি নিজস্ব আঞ্চলিক জটিলতার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, যা বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত চা বাগানগুলির সবুজ বিস্তীর্ণ প্রান্তর থেকে শুরু করে শহরের ব্যস্ত, ধাবা, গ্যারেজ কিংবা গৃহস্থালির কাজ, সব স্থানেই শিশুশ্রম এক নির্মম বাস্তবতা। চরম দারিদ্র্য, প্রতি বছরের বন্যা এবং সুযোগের অভাবের ফলে এ সকল শিশু শ্রমের বাজারে নামতে বাধ্য হচ্ছে, যা তাদের শিক্ষা এবং একটি নিরাপদ শৈশব পাওয়ার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে।

আহ্বানে জানানো হয়েছে, এই অভিশাপ দূর করার কাজ কেবল আইনি ব্যবস্থা বা সরকারি সংস্থার ওপর ছেড়ে দিলে চলবে না। এই দুষ্টচক্র ভাঙার ক্ষমতা প্রত্যেক সাধারণ নাগরিকের হাতে রয়েছে। তাই নিজেদের মধ্যে শিশুশ্রমের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টোলারেন্স নীতি গড়ে তুলতে হবে। এতে নিজের বাড়ি, দোকান বা ব্যবসায় কোনও শিশুকে কাজে না রাখার প্রতিজ্ঞা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, যদি কোনও শিশুকে বিপজ্জনক বা অবৈধ পরিস্থিতিতে কাজ করতে দেখা যায় তবে অবিলম্বে জাতীয় হেল্পলাইন চাইল্ডলাইন ১০৯৮ অথবা অনলাইন পেন্সিল পোর্টালে জানাতে বলা হয়েছে।

এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কাজ ও ন্যায্য মজুরির পক্ষে কথা বলতে আহ্বান জানানো হয়েছে যাতে কোনও অসহায় পরিবারকে তার শিশুর সামান্য আয়ের উপর নির্ভর করতে না হয়। ভবিষ্যৎ প্রজন্মকে বন্দি রেখে উন্নয়ন কখনও সম্ভব নয়। শিশুশ্রমের বিরুদ্ধে একসঙ্গে লালকার্ড দেখিয়ে জনগণ শিশুদের ভবিষ্যৎ ফিরিয়ে দিতে পারেন। যেন তাদের হাতে ভারী বোঝার বদলে শোভা পায় স্কুলের বই।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande