
শান্তিপুর (নদিয়া), ১০ জুন (হি. স.):-কেন্দ্রে এনডিএ সরকারের টানা ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার নদিয়ার শান্তিপুরে একাধিক ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিলেন শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দেশবাসীর মঙ্গল এবং দেশের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর কল্যাণ কামনায় বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়।এদিন সকালে বিধায়ক জলেশ্বর মন্দিরে হোম-যজ্ঞ ও বিশেষ পুজোয় অংশ নেন। এরপর সর্বানন্দী পাড়ার লোকনাথ মন্দির এবং গোবিন্দপুরের কৃত্তিকা কালী মন্দিরে পুজো দেন। পাশাপাশি এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ব্যবসায়ী সমাজের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থাকেন। হরিপুর পঞ্চায়েতের নীলকুঠি এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনও করেন তিনি। এছাড়াও দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।বিধায়ক স্বপন কুমার দাস বলেন, গত ১২ বছরে দেশের উন্নয়ন, নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। দেশের ঐক্য, নিরাপত্তা ও প্রকৃত ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে আরও শক্তিশালী করে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বমঞ্চে আরও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়