
দুর্গাপুর, ১০ জুন (হি.স.) : দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝোড় এলাকায় বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হল ১২৫ দিনের কাজ। এই কর্মসূচির সূচনায় কোদাল হাতে মাঠে নেমে মাটি কেটে কাজের উদ্বোধন করেন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র।
উল্লেখ্য, ২০২১ সালের পর থেকে রাজ্যে ১০০ দিনের কাজ কার্যত বন্ধ থাকায় বহু গ্রামীণ পরিবার জীবিকার সমস্যায় পড়েছিল। সম্প্রতি নতুন করে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শ্রমজীবী মানুষের মধ্যে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, জেলা ১২৫ দিনের কাজের প্রকল্প আধিকারিক অতনু মণ্ডল, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, বর্ধমান সদর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি রমন শর্মা-সহ প্রশাসন ও পঞ্চায়েতের একাধিক প্রতিনিধি।
কর্মসূচির সূচনায় বিধায়ক নিজে কোদাল দিয়ে মাটি কাটেন। পরে সেই মাটি ধামসায় ভরে মাথায় করে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ফেলেন। এরপর শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
বিধায়ক রাজু পাত্র বলেন, “আমি গ্রামের ছেলে। মাটি কাটা আমার কাছে নতুন কিছু নয়। প্রয়োজন হলে প্রতিদিন এখানে এসে শ্রমিকদের সঙ্গে কাজ করব। এতদিন দুর্নীতি ও অনিয়মের কারণে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। এখন উন্নয়নের কাজ নতুন করে শুরু হয়েছে। বাংলায় বিজেপি সরকার গঠনের পর একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে আরও নতুন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।”
দীর্ঘদিন পর কাজ পুনরায় চালু হওয়ায় খুশি এলাকার শ্রমিক ও সাধারণ মানুষ। তাঁদের আশা, এই প্রকল্পের মাধ্যমে বহু পরিবারের আর্থিক সঙ্কট কিছুটা হলেও দূর হবে।
প্রসঙ্গত, রাজ্যে সম্প্রতি চালু হওয়া ভি বি-জি র্যাম-জি প্রকল্পের আওতায় গ্রামীণ শ্রমিকদের জন্য বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়ার কথা মঙ্গলবার ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ । এর আগে ১০০ দিনের কর্মসংস্থানের সুযোগ থাকলেও নতুন প্রকল্পে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি এবং উন্নয়নমূলক কাজের গতি ত্বরান্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা