
কলকাতা, ১০ জুন (হি.স.): “রাজ্যের আন এডেড মাদ্রাসাগুলোর মানোন্নয়ন প্রয়োজন। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের গত সরকার যে ভাতা দিচ্ছিল, তা আজকের দিনে সংসার চালানোর উপযোগী নয়।” বুধবার মাদ্রাসা ঐক্য মঞ্চর পক্ষ থেকে কলকাতা মহাজাতি সদনে এক সমাবেশে আলোচনায় প্রধান অতিথি হিসাবে এই মন্তব্য করেন আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু।
তিনি বলেন,আমি আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা মন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই দুই দফতরের মন্ত্রী ছিলেন। আজ সেমিনারে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি দেখে বুঝতে পারছি উনি এনাদের সঙ্গে কি করেছেন।
মন্ত্রী বলেন, “আমরা পর্যালোচনার মাধ্যমে সাম্মানিক বৃদ্ধির ব্যবস্থা করবো। ছাত্র ছাত্রীদের মিড ডে মিল সহ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যায় সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। কারন, মাদ্রাসাগুলো আন এডেড হওয়ায় মিড ডে মিল দিতে সমস্যা হচ্ছে।
যে মাদ্রাসায় ছাত্র ছাত্রী কম সেখানকার শিক্ষক শিক্ষিকাদের অন্যত্র ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। সর্বপরি এই মাদ্রাসা গুলোর মান উন্নয়নের ব্যবস্থা করবো।”
সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ব্যাজ, ফুলের তোড়া, উত্তরীয় এবং কাঁসার থালা দিয়ে বরন করে নেওয়া হয়। মন্ত্রীর হাতে সংগঠনের সভাপতি ও সম্পাদক দাবিপত্র তুলে দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত