
বাহরাইচ, ১০ জুন ( হি.স.): ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে এক বড় পদক্ষেপ নিল পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী। বুধবার উত্তর প্রদেশের বাহরাইচে রূপৈডিহা থানার পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের যৌথ তল্লাশি অভিযানে ৬ কিলো ১১৩ গ্রাম অবৈধ মাদক (গাঁজা)–সহ গ্রেফতার এক মাদক পাচারকারী। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম দীনেশ কুমার দীক্ষিত। সে রূপৈডিহার কেবলপুর নইবস্তি এলাকার বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, বুধবার সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় শিবপুর মোহরনিয়া মোড়ের কাছে এক বাইক আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হয় । পুলিশ তল্লাশি চালাতেই ধৃতের কাছ থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ গাঁজা। আটক হওয়া মাদক ও বাইকটি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক