
দুর্গাপুর, ১০ জুন (হি.স.) : ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘতম সময় দায়িত্ব পালনের নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক মাইলফলককে কেন্দ্র করে দেশজুড়ে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। তারই প্রতিফলন দেখা গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১৯ ও ২০২৪ সালে পরপর তিনবার জনগণের রায়ে দেশের নেতৃত্বে আসেন নরেন্দ্র মোদী। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন।
এছাড়া গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে মিলিয়ে প্রায় ২৪ বছর সরকারপ্রধানের দায়িত্ব পালনের বিরল নজিরও স্থাপন করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় ধারাবাহিকভাবে জনগণের আস্থা অর্জন করে এত দীর্ঘ সময় নেতৃত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।
প্রধানমন্ত্রীর এই সাফল্য উপলক্ষে বুধবার দুর্গাপুরের এমএএমসি জগন্নাথ মন্দিরে বিজেপির উদ্যোগে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-কর্মীরা।
বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের সার্বিক উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকুক, সেই প্রার্থনাই করা হয়েছে।”
অনুষ্ঠানকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান উপস্থিতরা।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা