
মালদা, ১০ জুন (হি. স.) : মালদা একটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ের নাম পরিবর্তনের দাবি তুলে নতুন বিতর্কের সূচনা করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসন্ন মালদা সফরের আগে তিনি জেলার ঐতিহাসিক রামকেলি যাওয়ার পথে অবস্থিত ‘সুস্থানি মোড়’-এর নাম বদলে ‘মহাপ্রভু চৈতন্য মোড়’ করার দাবি জানিয়েছেন।বিধায়কের বক্তব্য, মালদার ঐতিহাসিক গৌড় অঞ্চলে সুলতানি আমলে মহাপ্রভু চৈতন্যদেব আগমন করেছিলেন। তাঁর স্মৃতিকে ঘিরে আজও রামকেলিতে বৃহৎ ধর্মীয় মেলার আয়োজন করা হয়। এছাড়াও সেখানে মহাপ্রভুর শিষ্য সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, যা বহু ভক্ত ও পর্যটকের আকর্ষণের কেন্দ্র।বুধবার অম্লান ভাদুড়ির দাবি করেন, জাতীয় সড়ক সংলগ্ন যে রাস্তা দিয়ে রামকেলিতে যেতে হয়, সেই পথের গুরুত্বপূর্ণ সংযোগস্থলের বর্তমান নাম ‘সুস্থানি মোড়’ স্থানীয় ইতিহাস ও ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই মোড়ের নাম ‘মহাপ্রভু চৈতন্য মোড়’ করা উচিত।তিনি জানান, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়