
চেন্নাই, ১০ জুন (হি.স.) : প্রবীণ তামিল চলচ্চিত্র নির্মাতা ভারতীরাজার প্রয়াণের জেরে নিজের বহুল আলোচিত গুরুত্বপূর্ণ ঘোষণা আপাতত স্থগিত রাখলেন অভিনেতা, পরিচালক ও সমাজকর্মী রাঘব লরেন্স। বুধবার সকালে একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনঘনিষ্ঠ সিদ্ধান্ত’-এর কথা ঘোষণা করার কথা থাকলেও শোকের আবহে তা পিছিয়ে ১২ জুন সকাল ১০টায় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে রাঘব লরেন্স জানান, ভারতীরাজার মৃত্যুতে গোটা তামিল চলচ্চিত্র জগত গভীরভাবে শোকাহত। কিংবদন্তি এই নির্মাতার প্রয়াণে শিল্পী মহল ও অসংখ্য সিনেমাপ্রেমীর মধ্যে যে শোকের পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে নিজের ঘোষণা করা সমীচীন হবে না বলেই তিনি মনে করেছেন।
রাঘব লরেন্সের এই ঘোষণাকে ঘিরে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক ও বিনোদন মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ করে তিরুচি পূর্ব বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য উপনির্বাচনকে কেন্দ্র করে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়-এর নেতৃত্বাধীন শাসক দল তামিলগা ভেটরি কাঝাগম-এর প্রার্থী হিসেবে রাঘব লরেন্স নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করতে পারেন। সেই সম্ভাবনাকেই ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে মুখ খুলে রাঘব লরেন্স স্বীকার করেছিলেন যে, সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তিনি অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে হয়েছে। তবে তিনি সরাসরি কোনও সম্ভাবনাকে স্বীকার বা অস্বীকার করেননি।
ফলে আগামী শুক্রবার তাঁর নির্ধারিত ঘোষণার দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক ও বিনোদন জগতের। জনপ্রিয় এই অভিনেতা আদৌ রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে চলেছেন কি না, সেই প্রশ্নের উত্তর মিলতে পারে ১২ জুনের ঘোষণাতেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য