
কলকাতা, ১০ জুন (হি. স. ) : জানা যাচ্ছে, তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের দলীয় কার্যালয়ে মিলেছে ত্রাণ সামগ্রী। বুধবার দেশপ্রিয় পার্কে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা 'হেভিওয়েট' তৃণমূল নেতা দেবাশিস কুমারের কার্যালয়ে যৌথ অভিযান চালানো হয়। এই যৌথ অভিযান চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। মেলে থরে থরে সাজিয়ে রাখা ত্রিপল।
দক্ষিণ কলকাতার অত্যন্ত পরিচিত মুখ দেবাশিস কুমার। নিজের 'খাস জায়গা' রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে লড়লেও ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মেলেনি জয়। পরাজিত হন বিজেপি প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী স্বপন দাসগুপ্তের কাছে।
সেই দেবাশিস কুমারের দলীয় কার্যালয়ে ত্রাণ সামগ্রী মেলার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। জানা যাচ্ছে, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ শরৎ বোস রোডে দেবাশিস কুমারের কার্যালয়ে ত্রাণসামগ্রী উদ্ধারকাজ শুরু হয়। এসে পৌঁছান রবীন্দ্র সরোবর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা।
অনেকেরই প্রশ্ন, এতদিন ধরে এই ত্রাণ সামগ্রী মজুত ছিল কেন? কেন এতদিন ধরে এই সামগ্রী বণ্টন হয়নি? যদিও আজকের এই উদ্ধারকাজ প্রসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার নিজেই চিঠি দিয়ে ওই ত্রাণ সামগ্রীর কথা জানিয়েছেন। যেহেতু ওই ত্রাণ বণ্টন করা যায়নি তাই, ওই ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য চিঠি দেন তিনি।
তবে সে কথা শুনতে নারাজ স্থানীয়রা। অভিযোগের সুরে এক স্থানীয় বাসিন্দা বলেন, ৭০০ ত্রাণ সামগ্রী দুটো গাড়ি করে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত দেবাশিস কুমার এই সম্পর্কে কিছু জানাননি। বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক বলছেন ওঁদের চিঠি দেওয়া হয়েছে, তাই ওঁরা এগুলো নিয়ে যাচ্ছেন। কিন্তু এই সামগ্রী তো ফেরত নেওয়ার কথা নয়। আমফান, ইয়াসের মত ঝড়ের সময় এই সামগ্রী গরিব মানুষদের দেওয়ার কথা ছিল। কিন্তু তা না দিয়ে তাঁরা নিজেদের এখানে বাক্সবন্দি করে রেখে দিয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত