
শিলিগুড়ি, ১০ জুন (হি.স.): বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি হয় শিলিগুড়িতে। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি, প্রধাননগর, চম্পাসারির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাতে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। এর পরেই রাতেই বিধায়ক শঙ্কর ঘোষের নির্দেশে ৪৬ নম্বর ওয়ার্ডে যান বিজেপি কর্মীরা। রাতেই আর্থমুভার নিয়ে এসে জল বের করার ব্যবস্থা করা হয়। নিকাশি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বাসিন্দারা।
এদিকে, ফোর লেনের জন্য তৈরি বিশাল গর্ত থেকে বাইক সহ এক তরুণের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন খাপরাইল মোড় এলাকায়। বুধবার ভোরে পথচলতি মানুষজন রাস্তার মাঝখানে বৃষ্টির জলে ভর্তি গর্তে বাইক দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও দমকলকে। এরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গর্তে তল্লাশি চালাতেই জলের মধ্যে থেকে তরুণের দেহ বেরিয়ে আসে। মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ