
বাসন্তী, ১০ জুন (হি. স.) : বিগত শনিবার ভোর থেকে বাসন্তী ও সন্দেশখালি এলাকার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ প্রচুর বেআইনি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। সন্দেশখালির মণিপুর ও আকুঞ্জিপাড়া এবং বাসন্তীর চড়াবিদ্যা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় সেবার। বেআইনি অস্ত্রের কারবারের মূল চক্রী চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়েরা মোল্লার স্বামী রমজান মোল্লা সহ চারজনকে গ্রেফতার করে এসটিএফ। উদ্ধার হয় ১৮ টি বন্দুক ও ৫৬ রাউন্ড গুলি। এই রমজান সন্দেশখালির শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ও সম্পর্কে তার আত্মীয় হয় বলেও জানতে পেরেছিল এসটিএফের তদন্তকারীরা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত শুরু করে তাঁরা।
ধৃত রমজানকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু বেআইনি অস্ত্রের হদিস পায় এসটিএফ। রমজানকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বাসন্তীর চড়াবিদ্যা ও জীবনতলার গাববুনিয়া এলাকায় তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা। দুটি জায়গায় তল্লাশি চালিয়ে নতুন করে আরও ১২ টি আগ্নেয়স্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসটিএফ। সূত্রের খবর, জীবনতলা থানার গাববুনিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় ৭ টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি। অন্যদিকে রমজানকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির পাশের একটি পুকুর থেকে আরও পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। জেরায় রমজান জানিয়েছে তার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হওয়া বন্দুক সওকাত মোল্লার লোক তার কাছে রাখতে দিয়েছিল।
বুধবার এসটিএফের দাবি, রমজান মোল্লাই মূলত এদিকে অস্ত্র কারবারের নেটওয়ার্ক চালাত। শেখ শাহজাহানের অন্যতম সাগরেদ এই রমজানের সাথে সওকাত মোল্লারও বেশ ভালই সম্পর্ক ছিল। তার নেতৃত্বেই সরবেরিয়া, সন্দেশখালি, বাসন্তী, জীবনতলা এলাকায় অস্ত্রের কারবার চলত বলে দাবি তদন্তকারীদের। এই রমজানকে নিয়ে আরও তল্লাশি চালানো হবে বলে এসটিএফ সূত্রের খবর। ফলে আরও বেআইনি অস্ত্র উদ্ধারের সম্ভবনা রয়েছে এই এলাকা থেকে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা