
ধুবড়ি (অসম), ১০ জুন (হি.স.): ধুবড়ি জেলার অন্তৰ্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গঙ্গাধর নদী থেকে উদ্ধার করা হয়েছে তিনদিন ধরে নিখোঁজ সাংবাদিক পাপু জ্যোতিষীর মৃতদেহ। সাংবাদিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধুবড়ি এবং পার্শ্ববর্তী এলাকার সংবাদমহলে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গোলকগঞ্জ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি পাপু জ্যোতিষী গত ৭ জুন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তিনি অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী গোলকগঞ্জ থানাধীন ছোটগুমা গ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য, সহকর্মী এবং স্থানীয় বাসিন্দারা তাঁর খোঁজ চালাচ্ছিলেন। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সন্ধানকারীরা তাঁর কোনও খোঁজ পাননি। পরে স্থানীয় কতিপয় নদীতে একটি মৃতদেহ ভাসছে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি দল বিনাচর এলাকায় গিয়ে গঙ্গাধর নদী থেকে পচন ধরা পাপু জ্যোতিষির মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত জ্যোতিষির মৃতদেহে পরিহিত শার্টের পকেট থেকে অফিশিয়াল প্রেস আইডেনটিটি কার্ড উদ্ধার করেছে পুলিশ। এতে মৃতদেহটি সাংবাদিক পাপু জ্যোতিষীর বলে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ এখনও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে পারেনি। পুলিশের তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, এটি আত্মহত্যা, দুর্ঘটনাজনিত মৃত্যু, নাকি কোনও অপরাধমূলক ঘটনার ফল, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ আধিকারিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে, জানান তিনি। তদন্তকারী পুলিশ অফিসার জানান, মেডিক্যাল টেস্ট এবং ফরেনসিক পরীক্ষা শেষ হওয়ার পর আরও তথ্য সামনে আসবে। ঘটনার অনুপুঙ্খ তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস