
বাজারিছড়া (অসম), ১০ জুন (হি.স.) : অসমের শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তে চুড়াইবাড়ি পুলিশ-ওয়াচপোস্টে প্রায় দেড় কোটি টাকার নেশাজাতীয় নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে। নেশাদ্রব্য পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে পঞ্জাবের বাসিন্দা ২৭ বছরের লরিচালক যোগেশ কুমারকে।
চুড়াইবাড়ি পুলিশ-ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের কাছে জানা গেছে, আজ বুধবার সকালে শিলিগুড়ি থেকে আগরতলাগামী (ত্রিপুরা) পিবি ০৮ সিএক্স ৫৬০২ নম্বরের একটি ১২ চাকার আলু-বোঝাই লরি আসে। লরিতে তালাশি চালিয়ে আলুর বস্তার তলা থেকে ৯৪ কার্টুন এসকাফ ব্ৰ্যান্ডের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। তিনি জানান, প্রতিটি কার্টুনে ১৫০টি করে মোট ১৪ হাজার ১০০ শিশি কফ সিরাপ উদ্ধার করেছেন পুলিশের অভিযানকারীরা। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে দেড় কোটি টাকা হবে।
পুলিশ অফিসার দাস জানান, লরিতে নেশাসামগ্রী পাচারের অভিযোগে লরির চালক যোগেশ কুমারের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজ করে তাকে গ্রেফতার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস