টেট পরীক্ষার ‘কালা আইন’ বাতিলের দাবিতে কলকাতায় শিক্ষক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল
কলকাতা, ১০ জুন (হি. স.):-টেট পরীক্ষাকে কেন্দ্র করে চালু হওয়া নতুন নিয়ম ও নীতির প্রতিবাদে বুধবার কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করলেন বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা। “গর্জে উঠুক রাজপথ, টেট পরীক্ষার কালা আইন বাতিল করো” এবং “শিক্ষকদের কেন
মিছিল


কলকাতা, ১০ জুন (হি. স.):-টেট পরীক্ষাকে কেন্দ্র করে চালু হওয়া নতুন নিয়ম ও নীতির প্রতিবাদে বুধবার কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করলেন বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা। “গর্জে উঠুক রাজপথ, টেট পরীক্ষার কালা আইন বাতিল করো” এবং “শিক্ষকদের কেন বারবার যোগ্যতার প্রমাণ দিতে হবে?”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষক-শিক্ষিকা।নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, সারা বাংলা শিক্ষক সমিতি, সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সঙ্ঘ এবং প্রাথমিক শিক্ষক সংঘের যৌথ উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলটি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত অগ্রসর হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী শিক্ষকদের বারবার টেট পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে বাধ্য করা হচ্ছে। তাঁদের মতে, এই নীতি শিক্ষকদের প্রতি অবিচার ও অসম্মানজনক।বিক্ষোভকারীরা অবিলম্বে সংশ্লিষ্ট নীতি প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ, স্থায়ী ও সময়বদ্ধ নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিও তোলেন তাঁরা।মিছিলের জেরে কলেজ স্ট্রিট ও আশপাশের এলাকায় সাময়িকভাবে যান চলাচলে কিছুটা প্রভাব পড়লেও পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। পুলিশের উপস্থিতিতে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হয়। শিক্ষক সংগঠনগুলির হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande