
ডেবরা, ১০ জুন (হি. স.):-পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় সরকারি প্রকল্পের সামগ্রী মজুদ রাখার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা চন্দন বেরাকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। অভিযোগ, সরকারি ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পের প্রায় ১,০০০টি বালতি এবং একটি জলের পাইপ তাঁর হেফাজত থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি সামগ্রী আত্মসাৎ ও মজুদ রাখার অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে বুধবার চন্দন বেরাকে গ্রেফতার করা হয়। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের সামনেই বিক্ষোভ দেখান এবং মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। জনরোষ থেকে অভিযুক্ত নেতাকে নিরাপদে উদ্ধার করতে পুলিশ তাঁকে হেলমেট পরিয়ে থানায় নিয়ে যায়।ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি প্রকল্পের সামগ্রী নিয়ে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও ব্যবহারের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।ধৃত চন্দন বেরাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়