
হুগলি, ১০ জুন (হি.স.): হুগলির উত্তরপাড়া শহরে ঢোকার মুখে বালিখালে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) একটি কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। বুধবার দুপুরে উত্তরপাড়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। পূর্ত দফতরের জমিতে বেআইনিভাবে এই কার্যালয়টি গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ।
বুধবার দুপুরে আকস্মিকভাবেই একটি জেসিবি নিয়ে ঘটনাস্থলে হাজির হন বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তাঁর উপস্থিতিতেই কার্যালয়টি ভাঙার কাজ শুরু হয়। উচ্ছেদ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় এক টিএমসিপি নেতা। তবে ঘটনাস্থলে এই ছাত্র সংগঠনের নেতৃত্ব উপস্থিত থাকলেও, তাঁরা কোনওরকম অশান্তির সৃষ্টি করেননি। ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ