
হুগলি , ১০ জুন (হি.স.) : প্রতাপনগর রমণীমোহন বিদ্যানিকেতন (উচ্চ মাধ্যমিক)-এর উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংবর্ধিত হলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও পরিচালন সমিতির সদস্যদের উপস্থিতিতে তাঁকে উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়।
সংবর্ধনা গ্রহণ করে বিধায়ক বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করে তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব।
হেমন্ত বাগ আরও বলেন, শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে তিনি সবসময় বিদ্যালয়ের পাশে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন। শিক্ষাক্ষেত্রে কোনও সমস্যা বা প্রয়োজন দেখা দিলে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA