
হুগলি , ১০ জুন (হি.স.): ভূমি ও ভূমি সংস্কার দফতর (বিএল অ্যান্ড এলআরও) এবং সেচ দফতরের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের একাধিক অভিযোগের প্রেক্ষিতে বুধবার আরামবাগে সংশ্লিষ্ট দফতরগুলিতে পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। তাঁর সঙ্গে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিভিন্ন পরিষেবা, নথিপত্রের কাজ এবং প্রশাসনিক পরিষেবা প্রদানে বিলম্ব-সহ একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে উঠে আসছিল। সেই অভিযোগগুলির বাস্তব চিত্র খতিয়ে দেখতে এবং পরিষেবার মান পর্যালোচনা করতেই দুই বিধায়ক সংশ্লিষ্ট দফতরগুলি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তাঁরা বিভিন্ন শাখার কাজকর্ম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সাধারণ মানুষের আবেদন ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি সরকারি পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং জনমুখী করে তোলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন তাঁরা।
বিধায়ক হেমন্ত বাগ বলেন, “সাধারণ মানুষের কাছ থেকে বারবার অভিযোগ পাওয়ার পরই আমরা সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করতে এসেছি। মানুষের স্বার্থে সরকারি পরিষেবা যাতে আরও কার্যকর ও দায়িত্বশীলভাবে পৌঁছে যায়, সে বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। জনসেবাই আমাদের প্রধান লক্ষ্য।”
দুই বিধায়কের এই পরিদর্শনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকার বাসিন্দারা। তাঁদের আশা, এর ফলে দফতরগুলির কাজের গতি বাড়বে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA