
হুগলি , ১০ জুন (হি.স.) : দীর্ঘ ছয় বছর পর ফের জব কার্ড সংক্রান্ত কাজ শুরু হল হুগলির গোঘাট-১ ও গোঘাট-২-সহ জেলার চারটি ব্লকে। বুধবার থেকে চুঁচুড়া-মগরা, খানাকুল-১, গোঘাট-১ এবং গোঘাট-২ ব্লকে এই পরিষেবা চালু হওয়ায় গ্রামীণ শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
এদিন গোঘাট-১ ব্লকের সাওড়া গ্রাম পঞ্চায়েতের জোত মহব্বত বুথ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন গোঘাট-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) শান্ত চক্রবর্তী, জয়েন্ট প্রোগ্রাম অফিসার (জেপিও) তারাপদ যশ-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন জব কার্ড তৈরি, নাম সংশোধন, নতুন সদস্য অন্তর্ভুক্তি-সহ জব কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবা ধাপে ধাপে স্বাভাবিক করা হবে। দীর্ঘদিন এই কাজ বন্ধ থাকায় বহু গ্রামীণ পরিবার ও শ্রমিক সমস্যার মুখে পড়েছিলেন। ফলে পরিষেবা পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।
বুধবার বিভিন্ন বুথে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বহু মানুষ উপস্থিত হন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও স্বচ্ছভাবে পরিষেবা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, জব কার্ড গ্রামীণ শ্রমজীবী মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় অনেকেই সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই পরিষেবা পুনরায় চালু হওয়াকে তাঁরা স্বাগত জানিয়েছেন। তবে ভবিষ্যতে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে এবং নিয়মিত পরিষেবা পাওয়া যায়, সেই দাবিও তুলেছেন তাঁরা।
প্রশাসনের আশা, জব কার্ড সংক্রান্ত কাজ পুনরায় শুরু হওয়ায় গ্রামীণ কর্মসংস্থান ও সরকারি পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে নতুন গতি আসবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA