
তারকেশ্বর, ১০ জুন (হি.স.) : আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি কর্মসূচিকে সামনে রেখে বুধবার তারকেশ্বরে প্রশাসনিক প্রস্তুতি বৈঠক ও সভাস্থল পরিদর্শন করা হল। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব, হুগলি জেলার জেলাশাসক, পুলিশ সুপার-সহ বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা।
প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা, ট্রাফিক পরিকল্পনা এবং সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
বৈঠকের পর প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নির্ধারিত সভাস্থল ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে পরিকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, পার্কিং এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখা হয়।
এদিন পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তাঁরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন এবং সফল আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীের সম্ভাব্য সফরকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA