
নয়াদিল্লি, ১০ জুন (হি. স.) : দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএ জোটের বিশেষ বৈঠকে এক নজিরবিহীন মুহূর্তের সাক্ষী থাকল দেশের রাজনৈতিক মহল। টানা ৪,৩৯৯ দিন দেশের ‘নির্বাচিত প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালনের অনন্য রেকর্ড গড়ায় বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান এনডিএ নেতৃত্ব। আর সেই মঞ্চেই মোদীকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ঘটনাচক্রে, গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে শহরের রাজ কলেজ মোড়ের কাছে ‘চবনলাল স্পেশ্যাল ঝালমুড়ি’ দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ঘটনার পর রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন বিক্রেতা বিক্রমকুমার সাউ। এবার রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর, সেই ঝাড়গ্রামের স্মৃতি উসকে দিয়েই খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতের ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী।
২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিজেপি ও এনডিএ শিবিরের দাবি, ‘নির্বাচিত’ প্রধানমন্ত্রিত্বের মেয়াদের নিরিখে জওহরলাল নেহরুকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। পদ্ম শিবিরের যুক্তি, নেহরু টানা ১৬ বছর প্রধানমন্ত্রী থাকলেও ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি 'নির্বাচিত' প্রধানমন্ত্রী ছিলেন না। সেই পাঁচ বছর বাদ দিলে মোদীই এখন টানা সবচেয়ে বেশি দিন নির্বাচিত প্রধানমন্ত্রী পদের অধিকারী। মোদীর এই ১২ বছরের সাফল্যকে তুলে ধরতে মঙ্গলবার থেকেই দেশজুড়ে এক মাসের বিশেষ প্রচারাভিযান শুরু করেছে এনডিএ।
এই বিশেষ নজির গড়ার পর নিজের সামাজিক মাধ্যমে দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, আমাদের সরকার গত ১২ বছরে বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণের প্রতি সমর্পিত থেকেছে। ১৪০ কোটি দেশবাসীর আশীর্বাদ ও ‘রাষ্ট্রই প্রথম’-এর ভাবনা থেকে আমাদের তরুণ, মহিলা ও কৃষক ভাই-বোনদের ক্ষমতায়নে কোনও কসুর করেনি। আমাদের চেষ্টার ফলে পরিকাঠামো থেকে ডিজিটাল বিপ্লবে আজ ভারত দুনিয়ায় পরিচিতি পেয়েছে। বিকশিত ভারতের সঙ্কল্পকে সত্যি করতে আমরা সেবা, সুশাসন ও সমৃদ্ধির এই পথে নিরন্তর এগোতে থাকব।
হিন্দুস্থান সমাচার / সোনালি