
তারকেশ্বর, ১০ জুন (হি.স.) : সাধারণ মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত করে তার সমাধানের লক্ষ্যে অভিনব উদ্যোগ নিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে চালু করলেন ‘আপনার বিধায়ক, আপনার পাশে’ শীর্ষক একটি বিশেষ জনসংযোগ প্রকল্প, যার আওতায় শুরু হয়েছে একটি ওয়েব পোর্টাল এবং হেল্পলাইন পরিষেবা।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে তারকেশ্বর বিধানসভা এলাকার বাসিন্দারা তাঁদের ব্যক্তিগত সমস্যা, এলাকার বিভিন্ন অভাব-অভিযোগ, উন্নয়ন সংক্রান্ত দাবি, নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা কিংবা জনস্বার্থের বিষয় সরাসরি বিধায়কের নজরে আনতে পারবেন। এ জন্য চালু করা হয়েছে বিশেষ ওয়েব পোর্টাল santupanforpeople.com। পাশাপাশি অভিযোগ বা পরামর্শ জানাতে ব্যবহার করা যাবে হেল্পলাইন নম্বর ৭৩৬৩০১৮৬৯০।
উদ্যোগের সূচনা করে বিধায়ক সন্তু পান বলেন, “জনপ্রতিনিধি হিসেবে মানুষের কথা শোনা এবং তাঁদের সমস্যার সমাধানের জন্য নিরলসভাবে কাজ করাই আমার দায়িত্ব। প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, পোর্টাল এবং হেল্পলাইনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ ও আবেদনগুলি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগের এমন ব্যবস্থা সাধারণ মানুষের সমস্যা দ্রুত প্রশাসনের নজরে আনতে সহায়ক হবে। পরিষেবা চালুর পর থেকেই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে বলে বিধায়কের কার্যালয় সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA