
তারকেশ্বর, ১০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের সার্বিক মঙ্গল কামনায় বুধবার তারকেশ্বরের পবিত্র তারকনাথ মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করল বিজেপি। কর্মসূচির নেতৃত্ব দেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান।
এদিন বাবা তারকনাথের চরণে পুজো অর্চনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা এবং দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। পুজোয় অংশ নেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরাও। তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন, পরিকাঠামো, অর্থনীতি ও জনকল্যাণমূলক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে। সেই কারণেই তাঁর মঙ্গল কামনায় এই বিশেষ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পুজোর পাশাপাশি আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত জনসভার প্রচারেও জোর দেওয়া হয়। বিধায়ক সন্তু পানের নেতৃত্বে সাধারণ মানুষের মধ্যে সভার আমন্ত্রণপত্র বিতরণ করা হয় এবং কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সন্তু পান বলেন, “পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আগামী ২০ জুন তারকেশ্বরে একটি গুরুত্বপূর্ণ জনসভার আয়োজন করা হয়েছে। সেই সভাকে সফল করতে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। সকলকে ওই সভায় উপস্থিত থাকার আবেদন জানানো হচ্ছে।”
কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী ২০ জুনের সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA