
কৃষ্ণনগর, ১০ জুন (হি. স.) : ত্রাণ সামগ্রী পাচারের গুরুতর অভিযোগে বুধবার কৃষ্ণনগর জেলা আদালত ধৃত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার দিনভর প্রবল উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতির পর রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগরের দেবাশিষ বিশ্বাস নামে এক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযোগ, মঙ্গলবার দুপুরে যখন প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে কৃষ্ণনগর ২ নম্বর বিডিও অফিসে ত্রাণ সামগ্রী ফেরত পাঠানো হচ্ছিল, তখনই স্থানীয় বাসিন্দাদের একাংশ পাচারের অভিযোগে সরব হন।
উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রাক্তন মন্ত্রী নিজের বাড়িতেই কার্যত ঘেরাও হয়ে পড়েন। বিক্ষোভকারীদের একাংশ তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ি থেকে উদ্ধার করে প্রাক্তন মন্ত্রীকে প্রথমে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর নিয়ম মেনে হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফের থানায় আনা হয় এবং মঙ্গলবার রাতের দিকেই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে পুলিশ। জনরোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বুধবার সকাল ৭টা বাজতেই, আদালত খোলার বহু আগে, প্রাক্তন মন্ত্রীকে নিয়ে কৃষ্ণনগর জেলা আদালতে পৌঁছে যায় পুলিশ।
সকালে আদালতে নিয়ে আসা হলেও, বেলা আড়াইটা নাগাদ প্রাক্তন মন্ত্রীকে কৃষ্ণনগর জেলা আদালতের এজলাসে তোলা হয়। ততক্ষণে আদালতের বাইরে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি থমথমে ছিল কারণ বিক্ষোভকারীদের অনেকের হাতেই ফের ডিম দেখা যায়।
উত্তেজনার আবহে বেশ কিছুক্ষণ রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারক। অবশেষে সওয়াল-জবাব শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে ৬ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আদালত থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফের তাঁকে থানার উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি