পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়, এই দাবিতে কংগ্রেস-আইএনটিইউসি সেবাদলের মিছিল
কলকাতা, ১১ জুন (হি. স.): হকারদের জীবিকা ও অধিকার রক্ষার দাবিতে বৃহস্পতিবার মধ্য কলকাতায় প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবাদল এবং মধ্য কলকাতা মহিলা কংগ্রেস। “পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়” এই স্লোগানকে সামনে রেখে লেডি ডাফরিন কলেজের সাম
বিক্ষোভ হকার উচ্ছেদ


কলকাতা, ১১ জুন (হি. স.): হকারদের জীবিকা ও অধিকার রক্ষার দাবিতে বৃহস্পতিবার মধ্য কলকাতায় প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবাদল এবং মধ্য কলকাতা মহিলা কংগ্রেস। “পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়” এই স্লোগানকে সামনে রেখে লেডি ডাফরিন কলেজের সামনে থেকে শুরু হওয়া মিছিল বৌবাজার মোড় পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকরা রাজ্য প্রশাসনের কাছে হকারদের স্বার্থ সুরক্ষার দাবি জানান।

আয়োজকদের অভিযোগ, কলকাতার বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তাঁদের জন্য বিকল্প পুনর্বাসনের কোনও সুস্পষ্ট পরিকল্পনা এখনও প্রকাশ করা হয়নি। এর ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী এবং তাঁদের পরিবারের জীবিকা সংকটের মুখে পড়তে পারে। তাই পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করে কোনও হকারকে উচ্ছেদ করা চলবে না বলে দাবি তোলেন আন্দোলনকারীরা। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে, দক্ষিণ ২৪ পরগণা জেলা মহিলা কংগ্রেসের সভাপতি পিয়ালি সরকার-সহ সংগঠনের একাধিক নেতা ও কর্মী।

তাঁদের বক্তব্য, শহরের অর্থনীতিতে হকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাঁদের কর্মসংস্থান ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আন্দোলনকারীরা সতর্ক করে বলেন, হকারদের স্বার্থবিরোধী কোনও পদক্ষেপ গ্রহণ করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। মিছিলের জেরে এলাকায় সাময়িকভাবে যান চলাচলে কিছুটা প্রভাব পড়লেও পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande