
কলকাতা, ১১ জুন (হি.স.): বৃহস্পতিবার শেষমেশ ভবানী ভবনে সিআইডি-র দফতরে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে কালীঘাট রোডের বাড়ি থেকে বেরিয়ে অভিষেক গাড়ি নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা হন। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে ভবানী ভবনে সিআইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের কিছু আগে তিনি বেরোন বাড়ি থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভবানী ভবনে সিআইডি-র দফতরে আসেন অভিষেক। বৃহস্পতিবার বিকেলে তিনি দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে প্রথমে যান বাড়িতে। সেখান থেকে যান ভবানী ভবনে। উল্লেখ্য, এ দিন কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, বিকাল ছ’টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে ভবানী ভবনে। এর আগে, তিন বার নোটিস দেওয়া হলেও তদন্তকারীদের সামনে হাজির হননি অভিষেক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ