
ফরিদাবাদ, ১১ জুন (হি.স.) : সিবিআই আধিকারিক পরিচয়ে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে ১ কোটি ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে আহমেদাবাদ থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সাইবার থানার সেন্ট্রাল টিম। ধৃতের নাম বলদেব ভাই বাবু ভাই ব্রহ্মভট্ট (৭৮)। তিনি গুজরাটের বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বলদেব তার পরিচিত জয়পুরের বাসিন্দা অমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাইবার প্রতারকদের ব্যবহার করতে দিয়েছিল। ওই অ্যাকাউন্টে প্রতারণার প্রায় ৩২ লক্ষ টাকা জমা পড়েছিল। অমিতের সঙ্গে বলদেবের দীর্ঘদিনের পরিচয় ছিল। অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য নিয়ে বলদেব অমিতকে আহমেদাবাদে ডেকে পাঠায় এবং প্রায় ১০ দিন নিজের সঙ্গে একটি হোটেলে রাখে। পরে প্রতারণায় ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে অমিতকে ফেরত পাঠিয়ে দেয়। অ্যাকাউন্টধারী অমিতকে আগেই গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ফরিদাবাদের সেক্টর-৮৫ এলাকার এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানান, গত ৩০ মার্চ তাঁর মোবাইলে এক ব্যক্তির ফোন আসে। ওই ব্যক্তি নিজেকে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে দাবি করে, বেঙ্গালুরুতে অভিযোগকারীর নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রয়েছে, যা অর্থপাচার ও মানব পাচারের মতো গুরুতর অপরাধে ব্যবহার করা হয়েছে। প্রতারকরা গ্রেফতার ও আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে অভিযোগকারীকে জানায়, তাঁর সম্পত্তি ও ব্যাঙ্কে জমা অর্থ যাচাইয়ের জন্য আরবিআই এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা রাখতে হবে, তদন্ত শেষ হলে সেই টাকা ফেরত দেওয়া হবে।
প্রতারকদের ফাঁদে পা দিয়ে অভিযোগকারী এপ্রিল মাসে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১ কোটি ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরে টাকা ফেরত পেতে প্রতারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সব মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর অভিযোগের ভিত্তিতে সাইবার থানা সেন্ট্রালে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস