
বাঁকুড়া, ১১ জুন (হি.স.): নিয়ম অনুযায়ী রেশনে আটার পরিবর্তে গম দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। কিন্তু সরকারি সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রাহকদের একাংশকে মেয়াদোত্তীর্ণ আটা দেওয়ার গুরুতর অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। বাঁকুড়া-১ ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের কুলবনা গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত রেশন ডিলারের নাম শঙ্কর মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গেছে, কুলবনা গ্রামের রেশন গ্রাহকদের একাংশ সম্প্রতি শঙ্কর মুখোপাধ্যায়ের রেশন দোকান থেকে আটা সংগ্রহ করেন। বাড়ি ফিরে তাঁরা লক্ষ্য করেন, আটার প্যাকেটে থাকা মেয়াদের তারিখ পার হয়ে গেছে। এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে গম দেওয়ার কথা, সেখানে কেন লুকিয়ে মেয়াদোত্তীর্ণ আটা দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন গ্রাহকরা। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হন অভিযুক্ত রেশন ডিলার। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তিনি গ্রাহকদের কাছ থেকে সেই মেয়াদোত্তীর্ণ আটা ফেরত নিয়ে গম দিতে বাধ্য হন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ