
চণ্ডীগড়, ১১ জুন (হি. স.): পঞ্জাবের অমৃতসরে বড় সাফল্য পেল পুলিশ। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করে ৩০ কেজিরও বেশি হেরোইন উদ্ধার করেছে অমৃতসর কমিশনারেট পুলিশ। গ্রেফতার করা হয়েছে ছয়জনকে। যাদের মধ্যে দুজন নাবালক।
বৃহস্পতিবার চণ্ডীগড়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত জানান পঞ্জাব পুলিশের মহানির্দেশক গৌরব যাদব। গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন অমৃতসরের ফতেহ সিং কলোনির গৌতম (২৪), ছেহরটার কবীর ওরফে কাক্কু (২২), সমীর ওরফে সভরওয়াল (১৮) ও গুরপ্রীত সিং ওরফে কীড়া (১৮)। কবীরের বিরুদ্ধে এর আগেও ছেহরটা থানায় এনডিপিএস আইনে মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত পাচারকারীরা দুবাইয়ে বসে থাকা এক চক্রের সঙ্গে যোগাযোগ রাখত। সেই মূলচক্রীর নির্দেশেই নির্দিষ্ট জায়গা থেকে মাদকের চালান সংগ্রহ করে পঞ্জাবের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানান, দুবাইয়ের ওই দুষ্কৃতীর চাঁই আগে থেকেই পুলিশের কাছে পরিচিত মুখ। ৪২ কেজি হেরোইন ও ১০ কেজি আইস উদ্ধারের মামলাসহ তিনটি বড় মাদক মামলায় তাকে খোঁজা হচ্ছে। তরুণ ও নাবালকদের অর্থের লোভ দেখিয়ে জালে ফেলে তাদের দিয়েই চালান সংগ্রহ ও বিতরণের কাজ করাত সে। হাওয়ালা যোগসূত্র ও নেটওয়ার্কের বাকি সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিজিপি গৌরব যাদব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য