
কোহিমা, ১১ জুন (হি.স.) : মণিপুরে ছয় নাগা অসামরিক নাগরিককে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি শান্তি, ন্যায়বিচার এবং মানবতার নীতি বজায় রাখতে সকলের প্রতি আবেদন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার জারিকৃত এক বিবৃতিতে নেইফিউ রিও এই ঘটনাকে ‘ভয়াবহ ও অমানবিক’ বলে অভিহিত করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রিও বলেন, ঘটনাটি বিশেষভাবে বেদনাদায়ক, কারণ এর আগের দিন নাগা সংগঠন ১৪ জন কুকি বন্দিকে নিরাপদে মুক্ত করার ব্যবস্থা করার পরপরই এই ঘটনা ঘটেছে। বন্দিদশায় থাকা অবস্থায় তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হয়েছিল।
ছয়জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী রিও বলেন, এই ঘটনা নাগা জনগণের বিবেককে নাড়া দিয়ে এই অঞ্চলের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকে সামনে এনেছে।
ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি) এবং অন্যান্য নাগা সংগঠনের প্রশংসা করে তিনি বলেন, অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও তারা সংযম বজায় রেখে সংঘর্ষের পরিবর্তে আলোচনার পথ বেছে নিয়েছে।
বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, ১৪ জন কুকি বন্দির নিরাপদ মুক্তি কঠিন পরিস্থিতির মধ্যেও নাগা সম্প্রদায়ের মানবতা ও শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। তবে তিনি বলেন, কুকি সম্প্রদায়ের সদস্যদের কাছে বন্দি ছয় নাগা ব্যক্তির পারস্পরিক মুক্তির জন্য যে আবেদন করা হয়েছিল তা ইতিবাচক ফল দেয়নি। এর ফলেই অত্যন্ত দুঃখজনক এই পরিণতি ঘটেছে।
হত্যাকাণ্ডকে হতবাক করার মতো এবং বোধগম্যের বাইরে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা নাগা জনগণের বিবেককে গভীরভাবে আঘাত করেছে।
এ প্রসঙ্গে, তিনি ভারত সরকার এবং মণিপুর সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান দিতে হবে।
নেইফিউ রিও বলেন, ‘জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবলমাত্র একটি ন্যায্য, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার মাধ্যমেই মানুষের মধ্যে আস্থা পুনরুদ্ধার করা সম্ভব।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মণিপুরে উত্তেজনা আরও ছড়িয়ে পড়া রোধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, মানুষের আস্থার অবনতি হলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠতে পারে।
শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়ে নেইফিউ রিও নাগরিকদের, বিশেষ করে মণিপুর, নাগাল্যান্ড, মায়ানমার এবং পার্শ্ববর্তী অঞ্চলের নাগা জনগোষ্ঠীয় মানুষের উদ্দেশে বলেন, শোক ও ক্ষোভ যেন আর হিংসার জন্ম না দেয়।
মুখ্যমন্ত্ৰী রিও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কঠিন এই সময়ে শোকাহত পরিবার ও বৃহত্তর নাগা সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস