
শিলং, ১১ জুন (হি.স.) : মণিপুরে ছয় নাগা বন্দিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা ‘ন্যাশনাল পিপলস্ পার্টি’ (এনপিপি)-র সভাপতি কনরাড কঙ্খল সাংমা। বৰ্বরোচিত ঘটনাকে নিরর্থক হিংসা বলে অভিহিত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রদানের দাবি জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই হত্যাকাণ্ডকে অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কনরাড বলেন, ‘আমি ছয়জন নাগা অসামরিক নাগরিকের নৃশংস হত্যার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানাই। অর্থহীন এই হিংসার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’
এনপিপি-প্রধান সাংমা বলেন, ‘ইউনাইটেড নাগা কাউন্সিল’ (ইউএনসি)-এর সংলাপ, পুনর্মিলন এবং শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ তৈরির প্রচেষ্টা সত্ত্বেও অত্যন্ত বেদনাদায়ক নৃশংস এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘ঘটনাটি আরও হৃদয়বিদারক কারণ, এটি ঘটেছে ইউএনসি-র সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টার পর। আস্থা ও বোঝাপড়া তৈরির এক উদ্যোগের পরিবর্তে হিংসার ঘটনা ঘটেছে, যার ফলে নিরপরাধ মানুষের প্রাণহানি হয়েছে এবং পরিবার ও সম্প্রদায়ের ওপর গভীর শোক নেমে এসেছে।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন, নিরপরাধ নাগরিকদের হত্যার কোনও যুক্তি থাকতে পারে না। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।
কনরাড সাংমা বলেন, ‘এই কঠিন সময়ে আমি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানাচ্ছি। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। স্থায়ী শান্তি শুধুমাত্র পারস্পরিক সম্মান, সংলাপ এবং হিংসার পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস