বারাসাতে গোডাউন থেকে বিপুল সরকারি ত্রাণসামগ্রী ও ‘সবুজ সাথী’ সাইকেল উদ্ধার, বিক্ষোভে উত্তপ্ত এলাকা
বারাসাত, ১১ জুন (হি. স.): বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসাত পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী ও ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায়
সবুজ সাথী সাইকেল উদ্ধার


বারাসাত, ১১ জুন (হি. স.): বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসাত পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী ও ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোডাউনটিতে কয়েক হাজার ত্রিপল, চাল, শতাধিক কম্বলের বস্তা এবং ‘সবুজ সাথী’ প্রকল্পের কয়েক হাজার সাইকেল দীর্ঘদিন ধরে মজুত অবস্থায় ছিল। অভিযোগ, বহু সামগ্রী অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছিল। বিক্ষোভকারীরা গোডাউনের তালা খোলার দাবি জানালে কেয়ারটেকার জানান, পৌরসভার অনুমতি ছাড়া তিনি তালা খুলতে পারবেন না।এরপর বিক্ষোভকারীরা বারাসাত পৌরসভায় গিয়ে চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে গোডাউন পরিদর্শন করেন। তিনি জানান, উদ্ধার হওয়া সামগ্রী নতুন এবং শীঘ্রই প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে সেগুলি বিতরণ করা হবে।ঘটনাস্থলে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ২৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎ নাগ চৌধুরী ওরফে বাক্কাই একটি ভিডিও বার্তায় দাবি করেন, গোডাউনে থাকা সামগ্রীর বিষয়ে তিনি অবগত ছিলেন না। বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande