
হুগলি , ১১ জুন (হি.স.): তোলাবাজি, মারধর ও জমি দখলসহ একাধিক অভিযোগে গ্রেফতার গোঘাটের তৃণমূল ব্লক সভাপতি সৌমেন দিগারকে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
বুধবার রাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। গ্রেফতার হলেও গোঘাট ২ ব্লক তৃণমূলের সভাপতির পদ থেকে এখনও সরানো হয়নি সৌমেনকে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাসহ একাধিক মামলা দায়ের হয়েছে।
আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সৌমেন দিগারের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তিনি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রাখতেন। প্রতিবাদ করলেই মারধর। এমনকি সাধারণ মানুষের জমি জবরদখলেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বিজেপি দীর্ঘদিন ধরেই এই নেতার বিরুদ্ধে সরব ছিল। পুলিশের এই গ্রেফতারিকে স্বাগত জানিয়েছে দলটি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA