
হুগলি , ১১ জুন (হি.স.): গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের নিজের বিধানসভা এলাকার সেলামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিজয় মহোৎসব। সকাল থেকেই উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বয়স্ক থেকে তরুণ, নারী থেকে পুরুষ সবাই এসেছিলেন। রাস্তায় জনস্রোত। দিনের শুরুতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। নিজে হাতে ছাত্রছাত্রীদের মাছ-ভাত পরিবেশন করেন বিধায়ক। ছোটদের সঙ্গে সময় কাটানোর এই দৃশ্য উপস্থিত অভিভাবকদের মন ছুঁয়ে যায়।
এরপর হাজারো মানুষের রান্নার তদারকিতেও সরাসরি অংশ নেন তিনি। কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যায় তাঁকে।
বিকেলে শুরু হয় মূল বিজয় মিছিল। ঢাক, কাঁসর, ব্যান্ড আর আবিরের রঙে ভরে ওঠে সেলামপুরের রাস্তা। মিছিলে সমর্থকদের সঙ্গে নাচে-গানে যোগ দেন প্রশান্ত দিগার নিজেও। তার আগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বিধায়ককে সংবর্ধনা জানানো হয়।
পরে সাংবাদিকদের সামনে প্রশান্ত দিগার বলেন, এই জয় তাঁর একার নয়, গোটা এলাকার মানুষের। উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA