
সোনারপুর, ১১ জুন (হি. স.): সরকারি ও ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। একটি বাড়ি ও কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে ‘চোর চোর’ স্লোগান ওঠে এবং ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্ট্রিট লাইট, ত্রিপল, সিমেন্টের বস্তা, বালতি, ব্লিচিং পাউডার-সহ বিভিন্ন সরকারি ও ত্রাণসামগ্রী। অভিযোগ, ওই সামগ্রীগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে।বর্তমানে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছন্দা ঘোষাল। এর আগে ওই ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন তাঁর স্বামী সৌমেন মোহন ঘোষাল। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় বিজেপি নেতা ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি সামগ্রী মজুত করে রাখা হয়েছিল এবং প্রকৃত উপভোক্তাদের মধ্যে তা বিতরণ করা হয়নি। পাশাপাশি উন্নয়নমূলক কাজ ও সরকারি প্রকল্প বাস্তবায়ন নিয়েও একাধিক অভিযোগ উঠেছে।যদিও কাউন্সিলার ছন্দা ঘোষাল এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী সরকারি সম্পত্তি কি না এবং কীভাবে সেগুলি সেখানে মজুত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়