আইসিডিএসের পুষ্টিকর খাবারে মৃত টিকটিকি, অসুস্থ শিশুরা ভর্তি হাসপাতালে
ঝাড়গ্রাম, ১১ জুন (হি. স.):- বৃহস্পতিবার ঝাড়গ্রামের লালগড়ে একটি আইসিডিএস কেন্দ্রে শিশুদের জন্য পরিবেশিত পুষ্টিকর খাবারে মৃত টিকটিকি উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শিশুদের জন্য রান্না করা খাবারের মধ্যেই টিকটিকি পাওয়া যায়
টিকটিকি খাবারে


ঝাড়গ্রাম, ১১ জুন (হি. স.):- বৃহস্পতিবার ঝাড়গ্রামের লালগড়ে একটি আইসিডিএস কেন্দ্রে শিশুদের জন্য পরিবেশিত পুষ্টিকর খাবারে মৃত টিকটিকি উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শিশুদের জন্য রান্না করা খাবারের মধ্যেই টিকটিকি পাওয়া যায়। ঘটনার পরই অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপির লালগড় মণ্ডল সভাপতি সৌভিক সিং। তিনি দলীয় কর্মীদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং যে সমস্ত শিশু ওই খাবার খেয়েছিল, তাদের দ্রুত লালগড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে বিষয়টি জানানো হয় ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ-কে। তিনি ঘটনাস্থলে পৌঁছে শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন।পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিশুদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে কারওর শারীরিক অবস্থার অবনতি না হলেও চিকিৎসকরা পরিস্থিতির ওপর নজর রাখছেন।ঘটনার পর থেকেই অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শিশুদের খাবারে কীভাবে মৃত টিকটিকি এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande