
তিরুবনন্তপুরম, ১১ জুন (হি. স.): কেরলমে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।
আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার এরনাকুলাম, ইডুক্কি ও ত্রিশূর জেলায় কমলা সতর্কতা থাকবে। শুক্রবার একই সতর্কতা বজায় থাকবে কোট্টায়াম, এরনাকুলাম ও ইডুক্কিতে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সজাগ থাকতে বলা হচ্ছে।
এদিন এক আবহবিা জানাচ্ছেন, উত্তর কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই কেরলম জুড়ে বৃষ্টিপাতের এই পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার পর্যন্ত রাজ্যে থেমে থেমে বৃষ্টি চলতে পারে।
বৃহস্পতিবার পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, পালাক্কাড় ও মালাপ্পুরম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা ও আলাপ্পুঝায় হলুদ সতর্কতা জারি থাকবে। শনিবার কোঝিকোড়, কান্নুর ও কাসারগোড় এবং রবিবার এরনাকুলাম, ত্রিশূর, পালাক্কাড় ও মালাপ্পুরম জেলাও হলুদ সতর্কতার আওতায় থাকবে।
নদীর পাড়ে, নিচু এলাকায় এবং ভূমিধসপ্রবণ অঞ্চলে বসবাসকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার কেরলম, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আইএমডি। এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য