
নদিয়া, ১১ জুন (হি. স.): নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর বাসস্ট্যান্ডে এক বাসকর্মীকে মারধর করে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য তিনটি রুটে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাসকর্মীরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৃসিংহপুরের বাসিন্দা তথা পেশায় বাসকর্মী চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে গত পরশু বাসস্ট্যান্ডে যাত্রী তোলাকে কেন্দ্র করে কয়েকজন টোটোচালকের বচসা হয়। অভিযোগ, বচসার জেরে এলাকার দুই টোটোচালক চিরঞ্জিতকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তিনি ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে থাকেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর বাসকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাসকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন এবং প্রায়শই হামলা ও নিগ্রহের শিকার হচ্ছেন। তাই শান্তিপুর থানার কাছে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিরঞ্জিত বিশ্বাসের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। বাসকর্মীরা স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং বাস পরিষেবা বন্ধ থাকবে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়