
যমুনানগর, ১১ জুন (হি.স.): মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে লাগাম টানতে বৃহস্পতিবার ভোরে হারিয়ানার যমুনানগরের আজাদ নগর কলোনিতে ব্যাপক তল্লাশি অভিযান চালাল পুলিশ। বিশেষ এই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ চারদিক থেকে এলাকা ঘিরে ফেলে সন্দেহজনক স্থানগুলিতে তল্লাশি চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএসপি আশীষ চৌধুরী।
‘মিশন ময়দান’-এর আওতায় পরিচালিত এই অভিযানে ১৫টি বিশেষ পুলিশের দল এবং ডগ স্কোয়াডকে মোতায়েন করা হয়। কলোনির একাধিক বাড়িতে ঢুকে ঘর, স্টোররুম, আলমারি-সহ সম্ভাব্য সব জায়গায় পুলিশ তল্লাশি চালায়। পাশাপাশি, এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। অভিযান চলাকালীন এলাকায় দাঁড়িয়ে থাকা দুই চাকার যানবাহনের নথিপত্রও খতিয়ে দেখে পুলিশ। যেসব চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি, তাদের যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে।
ভোরবেলায় আচমকা শুরু হওয়া এই অভিযানে কিছু সময়ের জন্য গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, একসঙ্গে বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের কড়া অবস্থানেরই ইঙ্গিত দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের লক্ষ্য কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নিশানা করা নয়, বরং মাদক পাচার, অপরাধ এবং সমাজবিরোধী কার্যকলাপ রুখতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা। যদিও তল্লাশির সময় কোনও অবৈধ বা আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়নি, তবুও পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে।
ডিএসপি আশীষ চৌধুরী জানান, জেলায় আইনশৃঙ্খলা আরও মজবুত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। পাশাপাশি, সাধারণ মানুষকেও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস