
হাওড়া, ১১ জুন (হি. স.): হাওড়া জেলার আমতা ব্লকের পেঁড়ো থানার অন্তর্গত আনুলিয়া গ্রামে একটি সরকারি ভবনে পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ মদের বোতল ও বোমা উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পাশাপাশি একাধিক প্রশ্নও উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে কয়েক দিন ধরে আনুলিয়া গ্রামের ‘কর্মতীর্থ’ নামের সরকারি ভবনের উপর নজর রাখা হচ্ছিল। খবর ছিল, ভবনের একটি ঘরে বিপুল পরিমাণ মদের বোতল এবং বোমা মজুত রয়েছে। সেই সূত্র ধরেই বুধবার পেঁড়ো থানার পুলিশ সেখানে তল্লাশি চালায়। তল্লাশিতে একটি শাটার লাগানো ঘর থেকে কয়েকশো মদের বোতল এবং বেশ কয়েক বস্তা বোমা উদ্ধার হয়।
উল্লেখ্য, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকারি উদ্যোগে কর্মতীর্থ ভবন নির্মাণ করা হয়েছিল। সেখানে একাধিক দোকানঘর রয়েছে, যার মধ্যে কয়েকটি বর্তমানে চালু রয়েছে। সেই ভবনের মধ্যেই এভাবে বিস্ফোরক ও মদের মজুত মিলতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং কারা এগুলি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক জল্পনাও শুরু হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়