
শিলিগুড়ি, ১১ জুন (হি. স.):- আসন্ন রাজ্য বাজেটকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন বণিক সংগঠন, শিল্পপতি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।বৈঠকে উত্তরবঙ্গের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, পরিবহন ব্যবস্থা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবসায়ী প্রতিনিধিরা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি সরকারের সামনে তুলে ধরেন। তাঁদের বক্তব্য, এই বৈঠকের মাধ্যমে সরকারের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, রাজ্যের আর্থিক পরিস্থিতি বর্তমানে চ্যালেঞ্জপূর্ণ হলেও উন্নয়নের গতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, শিল্প, ব্যবসা এবং কর্মসংস্থান বৃদ্ধিকে গুরুত্ব দিয়েই আগামী বাজেট প্রণয়ন করা হবে। উত্তরবঙ্গের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।শিলিগুড়িকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আরও বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হবে। বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন শিল্প ও ব্যবসায়ী মহল। এখন সকলের নজর আসন্ন রাজ্য বাজেটের দিকে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়