জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে প্রধানমন্ত্রী, একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা
নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : আগামী ১৪ থেকে ১৮ জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে তিনি জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্
জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে প্রধানমন্ত্রী, একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা


নয়াদিল্লি, ১১ জুন (হি.স.) : আগামী ১৪ থেকে ১৮ জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে তিনি জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ জানান, ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সের এভিয়ানে জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৬ ও ১৭ জুন নির্ধারিত আউটরিচ সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী। অংশীদার দেশ হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি হবে জি-৭ শীর্ষ সম্মেলনে ভারতের ১৩তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টানা সপ্তম উপস্থিতি।

সিবি জর্জ বলেন, চলতি বছরে জি-৭-এর একাধিক বৈঠক ও কর্মসূচিতে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে প্যারিসে অনুষ্ঠিত জি-৭ বিদেশমন্ত্রীদের বৈঠকেও যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী। সম্মেলনের ফাঁকে জি-৭ সদস্য দেশ, অংশীদার দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সফরসূচিতে ফ্রান্সের নিস, এভিয়ান ও প্যারিসের পাশাপাশি স্লোভাকিয়াও রয়েছে। জি-৭ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সিবি জর্জ আরও জানান, ১৪ থেকে ১৬ জুন স্লোভাকিয়া সফরে থাকবেন প্রধানমন্ত্রী। ১৯৯৩ সালে দেশটি স্বাধীন হওয়ার পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। বাণিজ্য, বিনিয়োগ, পরিবহণ, নবায়নযোগ্য শক্তি, উদীয়মান প্রযুক্তি ও প্রতিরক্ষা উৎপাদনসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হবে। স্লোভাকিয়ার ব্যবসায়ী মহলের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এদিন বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযূষ শ্রীবাস্তব জানান, সফরের শুরুতে ফ্রান্সের নিস শহরে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ও আলোচনায় থাকবে। দুই নেতা যৌথভাবে ‘ইন্ডিয়া ইনোভেটস’ উদ্যোগের উদ্বোধন করবেন, যার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের উদ্ভাবনী শক্তি ও সাফল্য তুলে ধরা হবে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande