
লখনউ, ১১ জুন (হি.স.): শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করেছেন পীযূষ। বৃহস্পতিবার লখনউতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “পশ্চিমবঙ্গের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত নিষ্ঠুর শাসনেরই প্রতিফলন। সেখানে যে ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, রাজ্যের মানুষের প্রতি তিনি যে বৈষম্যমূলক আচরণ করেছেন এবং যেভাবে তাদের দারিদ্র্যের অন্ধকারে ডুবিয়ে রেখেছেন—সেই ভীতিকর পরিস্থিতির মধ্যে গত পনেরো বছরে পশ্চিমবঙ্গে না হয়েছে কোনও উন্নয়ন, না হয়েছে জনকল্যাণ। তবে তাঁর সেই বিপর্যয়কর শাসনের অবসানের পর মানুষ এখন প্রকাশ্যে নিজেদের প্রকৃত মনোভাব ব্যক্ত করছেন। বস্তুত, পশ্চিমবঙ্গ এখন মুক্তি পেয়েছে। নির্বাচনের পর থেকেই মানুষ অবাধে নিজেদের মতামত জানাচ্ছেন এবং মনের কথা তুলে ধরছেন। হয়তো এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও মানুষের কাছে নিজের প্রকৃত চিন্তাভাবনা তুলে ধরার স্বাধীনতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নাগরিকদের ওপর যে দুর্ব্যবহার ও অত্যাচার চলত, তার হাত থেকে পশ্চিমবঙ্গ অবশেষে মুক্তি পেয়েছে। এখন দৃঢ় বিশ্বাস রয়েছে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব ও দূরদর্শী চিন্তাধারার অধীনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ