দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার ভাতারে
পূর্ব বর্ধমান, ১১ জুন (হি.স.): বিভিন্ন সরকারি প্রকল্পে স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগ উঠল এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত পঞ্চায়েত প
দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার ভাতারে


পূর্ব বর্ধমান, ১১ জুন (হি.স.): বিভিন্ন সরকারি প্রকল্পে স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগ উঠল এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ পালের বিরুদ্ধে এই নিয়ে গ্রামডিহি এলাকায় একাধিক পোস্টার সাঁটানো হয়েছে। তবে পোস্টার কে বা কারা দিয়েছে, তা জানা যায়নি।

পোস্টারে দাবি করা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত মানুষের জন্য আসা ত্রাণের ত্রিপল প্রকৃত প্রাপকদের না দিয়ে, নিজের পছন্দের কিছু রাজনৈতিক কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সরকারি আবাস যোজনার বাড়ি বণ্টনের ক্ষেত্রেও বিস্তর অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, পূর্ত দফতরের সরকারি সিমেন্ট আত্মসাৎ করে প্রধান নিজের বাড়ি নির্মাণ করেছেন বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ একযোগে অস্বীকার করেছেন সাহেবগঞ্জ ২ নম্বর পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ পাল। তাঁর দাবি, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমার কার্যকালে কোনও রকম সরকারি জায়গা বিক্রি করা হয়নি। দলকে কালিমালিপ্ত করতেই স্বার্থান্বেষী কোনও গোষ্ঠী এই ধরনের নোংরা রাজনীতি করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande