
গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : আগামীকাল শুক্রবার থেকে তিনসুকিয়ায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর উত্তর অসম প্রান্তের ত্ৰিদিবসীয় বার্ষিক যোজনা বৈঠক অনুষ্ঠিত হবে। ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠেয় তিনদিনের যোজনা বৈঠকটি তিনসুকিয়া শহরে অবস্থিত বিদ্যাভারতী ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর অসম প্রান্তের প্রচারপ্রমুখ কিশোর শিবম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানিয়েছেন, প্রতি বছর জুন মাসে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় যোজনা বৈঠক। বৈঠকে গত বছরের সংঘ কার্যক্রমের পর্যালোচনা করার পাশাপাশি আগামী বছরের জন্য পরিকল্পিত কর্মসূচি উপস্থাপন করা হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে বিশেষ কিছু কার্যক্রমেরও পরিকল্পনা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী বিজয়া দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে। গত বছর ২০২৫ সালের অক্টোবর চলতি ২০২৬ সালের বিজয়া দশমী পর্যন্ত শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে উল্লেখযোগ্য সাতটি কর্মসূচির মধ্যে ইতিমধ্যেই চারটি সম্পন্ন হয়েছে।
এই বৈঠকে শতবর্ষ উপলক্ষ্যে গৃহীত কার্যক্রমগুলির পর্যালোচনা করা হবে এবং আগামী বছরের জন্য কর্মসূচি এবং সংঘের কার্যক্রম বিস্তারের পরিকল্পনা তৈরি করা হবে। একইসঙ্গে সংঘের শাখাগুলির মাধ্যমে প্রয়োজনীয় সামাজিক পরিবর্তনের কাজ, বিশেষ করে ‘পঞ্চ পরিবর্তন’-এর উদ্যোগ নিয়েও আলোচনা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বৈঠকে মোট ৮৬০ জন কার্যকর্তা অংশগ্রহণ করবেন। এর মধ্যে সংঘের উত্তর অসম প্রান্ত ও অসম ক্ষেত্রের ৭০১ জন এবং বিভিন্ন ক্ষেত্রের ১৫৯ জন প্রতিনিধি থাকবেন।
এছাড়া ক্ষেত্র, প্রান্ত, জেলা ও নগর স্তরের কার্যকর্তাদের পাশাপাশি প্রান্তের বিভিন্ন সংগঠনের সংগঠন মন্ত্রী এবং নির্বাচিত কয়েকজন কার্যকর্তাও বৈঠকে অংশগ্রহণ করবেন, জানিয়েছেন প্রচারপ্রমুখ কিশোর শিবম।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস