
হাফলং (অসম), ১১ জুন (হি.স.) : পদ্ম পুরস্কার ২০২৭-এর জন্য যোগ্য প্রার্থীদের মনোনয়ন যাচাই এবং নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে হাফলঙে ডিমা হাসাওয়ের জেলাশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, কৃতিত্ব এবং জনকল্যাণমূলক সেবার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে অতিরিক্ত জেলাসাসক শৌর্য শর্মা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উপ-সচিব সুকন্যা নুনিসা, ডিমা হাসাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রাপ্ত মনোনয়নগুলি পর্যালোচনা করে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকারী ব্যক্তিদের যোগ্যতা ও সমাজে তাঁদের ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পদ্ম পুরস্কারের জন্য প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত কমিটি মনোনয়নগুলির সূক্ষ্ম মূল্যায়ন করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, ক্রীড়া এবং অন্যান্য ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব