
কলকাতা, ১১ জুন (হি. স.) : এই প্রথমবার সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। আর তারপরই বিধানসভায় আমূল বদলের ভাবনা। এবার থেকে পেপারলেস হবে বিধানসভা। বিধায়কদের প্রশিক্ষণের বন্দোবস্তও করা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান স্পিকার রথীন্দ্র বোস। স্পিকার বলেন, এ বার বিধানসভায় অন্তত ২০০ জন নতুন বিধায়ক। তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হবে। বাজেট অধিবেশনের পর প্রশিক্ষণের বন্দোবস্ত করা হবে। লোকসভার স্পিকার ছাড়া উত্তর প্রদেশ এবং রাজস্থানের স্পিকাররাও আসবেন প্রশিক্ষণ দিতে।
‘ই-বিধানসভা’ অর্থাৎ, ডিজিটাল মাধ্যমে বিধানসভার কাজকর্ম হওয়ার কথা আগেই জানানো হয়েছিল। বৃহস্পতিবার স্পিকার আবার জানান, বাংলার বিধানসভাতেও ডিজিটাল ব্যবস্থা চালু হবে। বিধানসভার কাজকর্ম ‘পেপারলেস’ হলে সমস্ত তথ্য সহজেই জানতে পারবেন সাধারণ নাগরিকেরা। ফলে সকলেই উপকৃত হবেন। আরও বেশি স্বচ্ছতার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান স্পিকার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত